সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় তার গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
হামলার পর আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলায় জড়িতদের দ্রুত আটক করার দাবি জানান।
আয়নুল হক দাবি করেন, এ হামলার সঙ্গে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা জড়িত। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রায়গঞ্জ উপজেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে তার গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে শনিবার ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই হামলার ঘটনা ঘটে।
তিনি জানান, শহরে থাকায় তিনি সভায় উপস্থিত ছিলেন না। বিষয়টি জানার পর রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন।
আরও পড়ুন:








