মঙ্গলবার

১১ আগস্ট, ২০২৬ ২৭ শ্রাবণ, ১৪৩৩

মহাখালীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৯:৫৬

শেয়ার

মহাখালীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ
ছবি সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ। অন্যদের আটকের চেষ্টা করলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

বনানী থানা-পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ওই এলাকায় ৩০ থেকে ৪০ জন জড়ো হন। তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা একজনকে গণপিটুনি দেন। পরে তাকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও তিনজনকে আটক করে বনানী থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

পুলিশ জানায়, অন্যদের আটকের চেষ্টা করলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করার জন্য জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। স্থানীয় জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বনানী থানা-পুলিশ।



banner close
banner close