মানুষের আয় বাড়ছে না, অথচ তাদের ওপর একের পর এক ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা চলতে পারে না। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, বলা হয়েছে এটি আগস্ট মাসের জন্য। তার মানে সেপ্টেম্বরের জন্য আবার আরেকটি দাম বাড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে। এভাবে মাসে মাসে দাম বাড়বে।
দেশের সার্বিক পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং ব্যাংক ও শেয়ারবাজারের অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, মানুষের আয় না বাড়লেও বারবার গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। সরকার নিজেদের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো বলা যাবে না। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
গ্যাস ও তেল বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করে শফিকুর রহমান বলেন, তারা শুনেছেন গ্যাস ও তেলসহ এসব খাত বেসরকারি খাতে দিয়ে দেওয়া হবে। নগদ অর্থের বিনিময়ে এসব দেওয়া হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
তিনি বলেন, যারা বেসরকারি খাতে এসব নেবে, তারা জনগণকে আরও বড় জিম্মি করে রাখতে পারে। তখন অভিযোগ জানানোরও কোনো জায়গা থাকবে না। সরকার তাদের দায় জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে তারা খুবই শঙ্কিত।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এবং সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।
আরও পড়ুন:








