এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রশিবির নেতা এস এম ফরহাদ। এসময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের মিষ্টিমুখ করান।
সোমবার দুপুরে মিষ্টি নিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যান। এসময় ছাত্রশিবিরের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ বলেন, সারা দেশের জেলা, শহর ও মহানগর পর্যায়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো ও সংবর্ধনা দেয়া হচ্ছে। উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বড় ভাই ও জ্যেষ্ঠ শিক্ষার্থী হিসেবে তাদের পাশে থেকে অনুপ্রেরণা দেয়া দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
ডাকসুর জিএস বলেন, পরীক্ষার ফলাফল যেমনই হোক, কাউকে হতাশ হওয়া যাবে না। অনেকেই প্রত্যাশিত ফল না করেও পরবর্তীসময়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন। আবার জিপিএ-৫ পেয়েও অনেকে পরে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেননি।
ফরহাদের মতে, যারা ভালো ফল করেছে, তাদের বিনয়ী হয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর যারা তুলনামূলক খারাপ ফল করেছে, তাদের হতাশ না হয়ে আগামীতে আরও ভালো করার জন্য নতুন করে চেষ্টা করতে হবে।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ উদ্যোগ ডাকসুর পক্ষ থেকে নয়, ছাত্রশিবিরের পক্ষ থেকে নেয়া হয়েছে। এটি কোনো দলীয় কর্মসূচির অংশ নয়, বরং একজন বড় ভাই হিসেবে শিক্ষার্থীদের খোঁজখবর নেয়া এবং তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা।
আরও পড়ুন:








