শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৪ শ্রাবণ, ১৪৩৩

উত্তরাঞ্চলে কৃষি-শিল্পের হাব হবে বগুড়া, ৪০০ একরের শিল্পপার্ক

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১৮:০৯

আপডেট: ৮ আগস্ট, ২০২৬ ১৮:১১

শেয়ার

উত্তরাঞ্চলে কৃষি-শিল্পের হাব হবে বগুড়া, ৪০০ একরের শিল্পপার্ক
ছবি বাংলা এডিশন

উত্তরাঞ্চলের কৃষি, ক্ষুদ্র ও ভারী শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে বগুড়াকে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে বগুড়ায় ৪০০ একর জমির ওপর একটি শিল্পপার্ক স্থাপনের কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও বক্তব্য দেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, উত্তরাঞ্চলের কৃষি, ক্ষুদ্র ও ভারী শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে বগুড়াকে গড়ে তোলা হবে। পিছিয়ে পড়া বগুড়াকে এগিয়ে নিতে লাইট ইঞ্জিনিয়ারিং হাবসহ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের ন্যায্য দাবিগুলোও পূরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দিনের অর্থনীতিতে শিল্প, বাণিজ্য ও কৃষি খাতকে এগিয়ে নিতে বগুড়ার উন্নয়ন অপরিহার্য। এ জন্য বগুড়ায় ৪০০ একর জমির ওপর একটি শিল্পপার্ক তৈরি করা হবে।

তিনি বলেন, শিল্পপার্কে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি সেখানে কোন কোন প্রতিষ্ঠান স্থাপন করা হবে, তাও নির্ধারণ করা হবে। শিল্পকারখানায় জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করতেও সরকার কাজ করছে। বগুড়ার উন্নয়ন জাতীয় প্রয়োজনেই করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বৈষম্যহীন বাংলাদেশে বগুয়ায় যা হয়নি, এখন তা করা হচ্ছে। ন্যায্যতার ভিত্তিতে বগুড়া যা পাওয়ার যোগ্য, তা দেওয়া হচ্ছে।

ব্যবসায়ীদের ঋণের উচ্চ সুদের বিষয়ে তিনি বলেন, ১৩ থেকে ১৪ শতাংশ সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীদের পক্ষে এগিয়ে যাওয়া কঠিন। বগুড়ায় সব ব্যাংকের শাখা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঐতিহ্য, ইতিহাস ও কৃষিতে বগুড়া বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র। বগুড়ার উন্নয়নে যত বাধাই আসুক, এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। তিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শনে অংশ নেন। এর মধ্যে তারা বগুড়া শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন, শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বগুড়া সড়ক জোনের উদ্বোধন করেন।



banner close
banner close