বৃহস্পতিবার

৬ আগস্ট, ২০২৬ ২২ শ্রাবণ, ১৪৩৩

তেল-গ্যাসের দাবিতে সচিবালয়মুখী জামায়াত জোটের মিছিল, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬ ১৫:৩৩

শেয়ার

তেল-গ্যাসের দাবিতে সচিবালয়মুখী জামায়াত জোটের মিছিল, পুলিশের বাধা
ছবি: সংগৃহীত

রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন শেষে জ্বালানি তেল ও গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন জাময়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

বৃহস্পতিবার দুপুরে ১২টা ৩০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন।

১১-দলীয় ঐক্যের এ অবস্থান কর্মসূচিকে ঘিরে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এ সময় নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয়।

এদিকে, সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়ায় বিভিন্ন কাজে সেখানে প্রবেশ করতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। গেট বন্ধ থাকায় অনেককে বাইরে অপেক্ষা করতে দেখা যায়। প্রয়োজনীয় কাজে প্রবেশের আশায় তারা সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে ভিড় করেন।

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তৃতা ক‌রেন।



banner close
banner close