সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে সাম্প্রতিক হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হামলার জন্য বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়ী করলেও, এ ঘটনার বিচার চেয়ে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেবেন না বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) রাতে সিলেট থেকে ফেরার পথে জৈন্তাপুরের হরিপুরে হামলায় আহত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, চলন্ত গাড়ির গ্লাস ভেঙে একটি বড় ইট তার হাতে এসে আঘাত করে। তার সঙ্গে থাকা এক সহযোগীও রক্তাক্ত হন। ইটটি এখনো তাদের গাড়িতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইটটি হাতে না লেগে মাথায় লাগলে হয়তো তিনি বেঁচে থাকতেন না।
তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি একটি বড় ভুল করেছেন এবং এর দায় তাকে বহন করতে হবে। তিনি দাবি করেন, অতীতেও তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তা আমলে নেওয়া হয়নি। তার ভাষ্য, বর্তমান শাসনামলেও তাদের জীবন নিরাপদ নয়। তিনি আরও বলেন, তার রক্ত ‘রেড লাইন’ অতিক্রম করেছে এবং এর রাজনৈতিক জবাব রাজপথেই দেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এ ঘটনাই তারেক রহমানের ক্ষমতা পতনের সূচনা।
হামলার পেছনের কারণ সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হরিপুরে কর্মসূচি শেষ করে রওনা হওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই অতর্কিত হামলা চালানো হয়। পুলিশ প্রোটোকলে থাকা সদস্যরা চেষ্টা করলেও হামলা ঠেকানো সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা ইশরাক হোসেন ও রাশেদের উসকানিমূলক কর্মকাণ্ডে রাজপথ উত্তপ্ত হয়েছে। বিশেষ করে ইশরাকের মশাল মিছিলের পরপরই এই ‘হত্যাচেষ্টার’ ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি বলেন, এ হামলার দায় ইশরাককেও নিতে হবে।
ঘটনায় কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি জীবিত থাকা পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেবেন না। একই সঙ্গে তিনি দাবি করেন, সিলেট অঞ্চলে এনসিপির মোট পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এ ঘটনার রাজনৈতিক ফয়সালা রাজপথেই হবে।
আরও পড়ুন:








