বৃহস্পতিবার

৩০ জুলাই, ২০২৬ ১৫ শ্রাবণ, ১৪৩৩

গোলাপগঞ্জে যাব, দেখি কত সন্ত্রাসী আছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৮:১৮

শেয়ার

গোলাপগঞ্জে যাব, দেখি কত সন্ত্রাসী আছে: নাহিদ ইসলাম
ছবি সংগৃহীত

সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, আমরা বাংলাদেশের আপামর ছাত্র-জনতাসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গতকাল হবিগঞ্জ থেকে আজ গোলাপগঞ্জে আমরা যা দেখছি, তাতে দেশকে আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে।”

তিনি আরও বলেন, আমরা গোলাপগঞ্জে যাব। আমরা দাঁড়াব। দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের। তারা কতটুকু আমাদের প্রতিরোধ করতে পারে করবে। কিন্তু গণভোটের গণরায়, সংস্কার, বিচার এবং জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভার গেটসংলগ্ন সড়কে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন সারজিস আলম।

এদিকে, এনসিপির গাড়িবহরে হামলার বিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পাশ থেকে কেউ ঢিল মেরেছে। এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙেছে। গাড়িবহরে হামলা, বিষয়টা সে রকম নয়। কেউ আহত হয়েছে বলে আমার কাছে কোনো তথ্য নেই।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে তাদের গাড়িবহরেও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।



banner close
banner close