বুধবার

২৯ জুলাই, ২০২৬ ১৪ শ্রাবণ, ১৪৩৩

১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে যাচ্ছেন নাহিদ-হাসনাত, উত্তেজনা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০

শেয়ার

১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে যাচ্ছেন নাহিদ-হাসনাত, উত্তেজনা অব্যাহত
ছবি সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও কর্মসূচিতে অংশ নিতে হবিগঞ্জের পথে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার রাতে এনসিপি বুধবারের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। তবে একই স্থানে বিএনপি ও ছাত্রদলও কর্মসূচির ঘোষণা দেওয়ায় সম্ভাব্য সংঘাত এড়াতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এনসিপি সূত্রে জানা গেছে, দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে থেকেই সেখানে অবস্থান করছেন দলের জ্যেষ্ঠ নেতা নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত বলেন, কর্মসূচি পালনের উদ্দেশ্যে দলের কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের খুব কাছাকাছি অবস্থান করছেন।

১৪৪ ধারা জারির মধ্যে কীভাবে কর্মসূচি পালন করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছানোর পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এবং কর্মসূচি শেষে ফেরার পথে দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে এনসিপি।

হামলার পর সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা রাতে হবিগঞ্জ ত্যাগ করেন।

এ ঘটনার পর বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এর ফলে হবিগঞ্জে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।



banner close
banner close