চাঁদাবাজি ও মারধরের দুটি মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ জুলাই) গভীর রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, উপজেলা শ্রমিকদলের সহসভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন এবং বিএনপি কর্মী আব্দুল মোমিন।
মামলার অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম মিস্টার তার ওপর হামলা ও মারধরের অভিযোগে শনিবার (২৫ জুলাই) থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে মো. আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। ওই দুটি মামলার ভিত্তিতেই উল্লাপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আজাদ হোসেনের রাজনৈতিক পরিচয়
মো. আজাদ হোসেন সিরাজগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থী হয়েছেন।
পুলিশের বক্তব্য
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মণ্ডল বলেন, মারপিট ও চাঁদাবাজির দুটি মামলায় মো. আজাদ হোসেনসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:








