সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক চিঠি প্রধান নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়।
বিষয়টি দলের মিডিয়া উইং থেকে জানানো হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আপনার (প্রধান নির্বাচন কমিশনার) অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাখিল করা হলো।
উল্লেখ্য, গত ২২ জুলাই (বুধবার) মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন:








