জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেছেন, উত্তরবঙ্গ উন্নয়নের দিক থেকে এখনও পিছিয়ে রয়েছে। শিল্প, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে বিদ্যমান বৈষম্য দূর করতে জুলাই গণভোটের রায় বাস্তবায়ন প্রয়োজন। একইসঙ্গে তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, “আওয়ামী লীগ যে ভুল করেছিল, সেই ভুল আপনারা করবেন না।”
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, “উত্তরবঙ্গ উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। শিল্প, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে বৈষম্য দূর করতে জুলাই গণভোটের রায় বাস্তবায়ন প্রয়োজন। বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ যে ভুল করেছিল, সেই ভুল আপনারা করবেন না।”
প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় প্রতিদিনই প্রবাসী বাংলাদেশিদের কফিন এসে পৌঁছায়। বিদেশে যে দূতাবাসগুলো রয়েছে, সেগুলো বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়। কিন্তু প্রবাসী ভাইয়েরা সেখানে সেবা নিতে গেলে অনেক সময় অবহেলার শিকার হন, তাদের দূর-দূর করে তাড়িয়ে দেয়া হয়।”
তিনি আরও বলেন, “আমাদের জনগণের দেয়া ট্যাক্সের টাকায় আপনারা বিদেশে আরাম-আয়েশ করেন। অথচ প্রতিনিয়ত আমাদের বোঝানো হচ্ছে দেশে নতুন ধরনের উন্নয়নের ছোঁয়া এসেছে। উন্নয়নের যে ধারা, সেটি স্বৈরাচার শেখ হাসিনা সরকারও দেখিয়েছিল। তারা ১০০ টাকার কাজের মধ্যে ৯০ টাকা দুর্নীতি করে ১০ টাকার কাজ করেছে। রাস্তা নির্মাণের নামে নানা অনিয়ম হয়েছে। এখন আবার শেখ হাসিনা সরকারের বিভিন্ন প্রকল্পের ধারাবাহিকতায় নতুন করে খাল খনন কর্মসূচি নেয়া হয়েছে।”
খাল খনন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, “নদীতে কোনো পানি নেই, অথচ খাল খনন করা হচ্ছে। নদীতে পানি না থাকলে খালে পানি আসবে কীভাবে, সেই প্রশ্ন আমরা রাখতে চাই। খাল খননের বিষয়ে বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি, কেউ বালু খাচ্ছে, কেউ মাটি খাচ্ছে, আবার কেউ পুরো খালটাই খেয়ে ফেলছে।”
নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, “খাল খনন কর্মসূচি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন। বাবার দেয়া কর্মসূচিই আবার চালু করা হয়েছে। কিন্তু সরকারে আসার পর দেশের মানুষের জন্য নতুন করে কী করা হয়েছে, সেটি আমরা জানতে চাই।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন।
এসময় ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








