মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ২২:৫০

শেয়ার

গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ: সারজিস আলম
ছবি সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একই আদেশের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনকে বৈধ বলা হলে গণভোটকে অবৈধ বলার সুযোগ নেই। তিনি দাবি করেন, গণভোট অবৈধ হলে সেই প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।

সোমবার (২০ জুলাই) বিকেলে বোদা উপজেলার শহীদ মিনার চত্বরে আয়োজিত জুলাই পথসভায় বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, “যে আদেশের বলে একই সঙ্গে গণভোট ও নির্বাচন হলো, সেই নির্বাচনের ফলাফল যদি বৈধ হয়, তবে গণভোট অবৈধ হয় কীভাবে?”

এ সময় তিনি আরও বলেন, “এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান হলে একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয়, তবে সালাহউদ্দিন আহমদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী।”

জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম দাবি করেন, দেশের ৭০ শতাংশ মানুষ এ সনদের পক্ষে রায় দিয়েছে। তাই এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ব্যাংক খাত নিয়ে বক্তব্যে সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার পর ইসলামী ব্যাংক দখলের প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। তার দাবি, অতীতে ব্যাংকটি থেকে প্রায় ৯৯ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল এবং বিএনপি এখন সেই একই চক্রকে পুনর্বাসনের চেষ্টা করছে।

পথসভায় তিনি রাশেদ খান, জোনায়েদ সাকিসহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বেরও সমালোচনা করেন। রাশেদ খানকে তিনি “গুজব মেশিন” ও “প্রোপাগান্ডাবাজ” বলে আখ্যায়িত করেন।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি এমন একজন ব্যক্তিকে নিজেদের সহযোগী হিসেবে রেখেছে, যিনি প্রমাণ ছাড়াই গুজব ছড়ান বলে তিনি অভিযোগ করেন।



আরও পড়ুন:

banner close
banner close