ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভা থেকে নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে কেউ ব্যালট বাক্স চুরি বা ছিনতাইয়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, যারা ব্যালট বাক্স চুরি করতে আসবে, তাদের বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে।
রোববার বিকেলে উপজেলার বাগড়ি বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে বাইপাস মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের নাগরিকদের নিজেদের দায়িত্ব নিজেরাই পালন করতে হবে। যারা ব্যবসায়ী, বালু ব্যবসায়ী কিংবা সন্ত্রাসীদের অর্থে নির্বাচিত হন, তারা জনগণের স্বার্থের পরিবর্তে গোষ্ঠীস্বার্থ রক্ষা করেন। কিন্তু এনসিপির জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের পক্ষেই কথা বলছেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে এনসিপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই অঙ্গীকার অনুযায়ী তারা সংসদে সাধারণ মানুষের অধিকার, দুর্নীতিবিরোধী অবস্থান এবং চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। কোনো রক্তচক্ষু বা প্রভাবশালী গোষ্ঠীকে ভয় না পেয়ে জনগণের স্বার্থেই কাজ করে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।
পথসভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তিনি অভিযোগ করেন, সংরক্ষিত নারী আসনে অনেক যোগ্য নারীকে বঞ্চিত করা হয়েছে। সবাইকে নিয়ে রাজনীতি করার ঘোষণা থাকলেও বাস্তবে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
উপজেলা আহ্বায়ক শাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, আরিফুর রহমান তুহিন, মুজাহিদুল ইসলাম শাহীন, তরিকুল ইসলামসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আরিফুর রহমান তুহিনের নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন:








