বৃহস্পতিবার

১৬ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৭:১৯

শেয়ার

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ
ছবি সংগৃহীত

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি ও তাঁর সঙ্গীরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তাঁদের তিনটি দাবি ছিল—বিচার, সংস্কার এবং নির্বাচন। এর মধ্যে নির্বাচন সম্পন্ন হলেও বিচার ও সংস্কার এখনো বাংলাদেশের জনগণ পায়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, আবু সাঈদ হত্যা মামলার রায় হলেও তা এখনো কার্যকর হয়নি।

তিনি আরও বলেন, গণভোটে সত্তর শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও বর্তমান সরকার সেই রায় কার্যকর করছে না এবং জুলাই সনদ কার্যকরের প্রতিশ্রুতি নিছক মৌখিক বলে তিনি অভিযোগ করেন। একত্রিশ দফা ও সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি বলে তিনি দাবি করেন।

জুলাই হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ এখন বিভিন্ন মামলার রায়ের বাস্তবায়ন দেখতে চায়। তিনি আবু সাঈদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের আহ্বান জানান এবং অন্যান্য মামলার বিচারকাজও দ্রুত সম্পন্ন করার দাবি জানান, যাতে আন্দোলনে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সরকার ও বিরোধী দল যৌথভাবে জুলাই সনদ বাস্তবায়ন করছে—এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, সরকার প্রকৃতপক্ষে সংস্কার করতে চাইলে তাঁরা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি ও স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশ্নে নিজেদের সরকারবিরোধী দল হিসেবে দেখেন না বলে জানান। তবে তিনি বলেন, জাতীয় স্বার্থে একযোগে দাঁড়ানোর মতো কোনো আলামত সরকারের আচরণে তাঁরা দেখতে পাচ্ছেন না। তিনি সতর্ক করে দেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার যদি নোট অব ডিসেন্টের আলোকে এগোয়, সেখানে তাঁদের কোনো সহযোগিতা বা অংশগ্রহণ থাকবে না।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



banner close
banner close