কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ বলছে, ঢাকা থেকে আসা ভাড়াটে খুনিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীরের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ঢাকা থেকে আসা ভাড়াটে খুনিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আওয়াল জানান, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। পরে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের সহকারী সার্জন ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হামলায় গুরুতর আহত হাদিস মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত জাহাঙ্গীরের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং তার দুই হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
আরও পড়ুন:








