জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে বর্তমান সংসদকে ‘মজলুমের মিলন মেলা’ অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
স্পিকারকে একজন বলিষ্ঠ কমান্ডার হিসেবে সংসদ পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই মহান সংসদের অভিভাবক হিসেবে স্পিকারকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সংসদ যত সুন্দরভাবে পরিচালিত হবে, দেশের মানুষের আস্থা ততো বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ঢাকার জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যা সমাধানে একটি সমন্বিত ও সুচিন্তিত মহাপরিকল্পনা গ্রহণ করা জরুরি। রাজধানী শহর দেশের মুখ হিসেবে পরিচিত, তাই একে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করেন।
বাজেট বরাদ্দ ও বিল পাস নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, উন্নয়ন কেবল কিছু ব্যক্তির জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্য হওয়া প্রয়োজন। সংসদে গুরুত্বপূর্ণ বিল পাস করার সময় বিরোধী দলের সদস্যদের পর্যাপ্ত অংশগ্রহণের সুযোগ না থাকা সংসদীয় রীতির পরিপন্থী। জনগণের প্রতিনিধি হিসেবে আমরা দায়িত্ব পালনের সুযোগ থেকে বঞ্চিত হলে তা সময়ের অপচয় বলে মনে হয়।
শিক্ষা ও দুর্নীতি বিষয়ে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। প্রাথমিক স্তর থেকেই নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, মেধার ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে হবে, রাজনৈতিক বিবেচনায় নয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সমন্বিত উদ্যোগ হিসেবে গ্রহণের পরামর্শ দিয়ে তিনি বলেন, দুর্নীতির মূল উৎপাটন করতে হবে। প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের টুটি চেপে ধরার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমরা চাই দুর্নীতির হাত চেপে ধরা হোক।
এছাড়া সরকারি স্থাপনায় নামফলক লাগানোর ‘বাজে সংস্কৃতি’ বন্ধ করে অপচয় রোধের আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জুলাই স্মৃতি জাদুঘর ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন। সবশেষে তিনি সংসদীয় কর্মীদের জন্য ইনসেনটিভ প্রদানের অনুরোধ জানান।
আরও পড়ুন:








