এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রাজনীতি তার কাছে এমপি-মন্ত্রী হওয়ার মাধ্যম নয়; বরং মানুষের পক্ষে কথা বলা এবং দেশের স্বার্থে কাজ করাই একজন রাজনৈতিক কর্মীর প্রধান দায়িত্ব।
রোববার (১২ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটি জাতিগোষ্ঠী সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক শর্ত প্রয়োজন, সেগুলো দেশে পূরণ হচ্ছে না। গণতন্ত্রকে টেকসই করতে হলে মানুষের সমস্যা তুলে ধরার এবং তা নিয়ে খোলামেলা আলোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
দেশে বারবার ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে কঠিন প্রশ্ন করার সংস্কৃতি গড়ে ওঠেনি। এ জন্য শুধু গণমাধ্যম নয়, রাজনীতিবিদদেরও দায় রয়েছে।
তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে কৃষক, শ্রমিক ও প্রান্তিক মানুষের হয়ে কথা বলাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। যারা নিজেদের দাবি সরকারের কাছে তুলে ধরতে পারেন না, তাদের কণ্ঠস্বর হওয়াই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত।
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, এমপি বা মন্ত্রী হওয়া তার কাছে কঠিন বিষয় নয়। বড় রাজনৈতিক দলগুলো থেকেও তাকে দলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি কোনো সমঝোতায় যাননি, কারণ তার কাছে পদ নয়, দেশের মানুষ ও তাদের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে জনপ্রতিনিধি হওয়া জরুরি নয়; বরং মানুষের পক্ষে ধারাবাহিকভাবে কথা বলাই একজন রাজনীতিকের প্রকৃত পরিচয়।
আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন, দলটি রাজনৈতিকভাবে আর কার্যকর অবস্থানে নেই। তার ভাষায়, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার আলোচনা মূলত আবেগনির্ভর।
তিনি বলেন, ইতিহাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো শাসকগোষ্ঠীর পুনরায় ক্ষমতায় ফেরার নজির খুবই বিরল। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশ ছেড়ে যাওয়ার পর দলটির রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর বাস্তব ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ব্যক্তিগত আলোচনায় দলটির বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত, নির্বাচন ব্যবস্থা এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। এসব ভুল সিদ্ধান্তই দলটিকে বর্তমান সংকটে ফেলেছে বলে তার দাবি। তার মতে, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে থাকা, তাদের আস্থা অর্জন করা এবং জনস্বার্থে কাজ করা; পদ-পদবি অর্জন নয়।
আরও পড়ুন:








