শুক্রবার

১০ জুলাই, ২০২৬ ২৬ আষাঢ়, ১৪৩৩

জনগণের দাবি তুলে ধরা বিরোধীদলের দায়িত্ব: চট্টগ্রামে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ১১:৪৬

শেয়ার

জনগণের দাবি তুলে ধরা বিরোধীদলের দায়িত্ব: চট্টগ্রামে জামায়াত আমির
ছবি সংগৃহীত

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা সরেজমিনে দেখতে সফরে এসে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি সরকারের কাছে তুলে ধরা বিরোধীদলের দায়িত্ব।

শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকাল সাড়ে ৮টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিরোধীদল বিষয়টি উত্থাপন করেছে এবং সরকারের পক্ষ থেকেও ৩০০ বিধিতে বিবৃতি দেওয়া হয়েছে। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখা, তাদের পাশে দাঁড়ানো এবং সরকারের করণীয় বিষয়ে দাবি জানাতেই এ সফর।

সাম্প্রতিক বন্যা, পাহাড়ধস ও অন্যান্য দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং মানুষের দুর্ভোগ বাড়ে। এ সমস্যার সমাধান করা সরকারের দায়িত্ব, আর বিরোধীদল হিসেবে জনগণের দাবি সরকারের কাছে তুলে ধরা তাদের দায়িত্ব।

সফরসূচি সম্পর্কে তিনি জানান, বিমানবন্দর থেকে বাঁশখালী, পরে লোহাগাড়া, সাতকানিয়া এবং চট্টগ্রাম নগরের কয়েকটি এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা এবং সরকারের কাছে প্রয়োজনীয় দাবি উত্থাপন করা হবে।

তিনি বলেন, দলের সীমিত সামর্থ্যের মধ্যেও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো হবে। নিহতদের পরিবারকে সহযোগিতা এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দলের সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে এ কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, বর্তমানে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অঞ্চলে প্রতিবছরের মতো বন্যা পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের পক্ষ থেকে জোরালোভাবে উত্থাপন করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সরকার এ বিষয়ে অঙ্গীকার করেছে। এখন সেই অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চায় জনগণ। প্রকল্পটি বড় হওয়ায় সময় লাগলেও এর কাজ দৃশ্যমানভাবে শুরু হওয়া প্রয়োজন।



আরও পড়ুন:

banner close
banner close