ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণ না করে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন,“ফ্যামিলি কার্ড যেন বিএনপি কার্ডে পরিণত না হয়। যার প্রয়োজন এবং যারা পাওয়ার উপযুক্ত, তাদেরই ফ্যামিলি কার্ড দিতে হবে।”
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্তমঞ্চে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, শুধু কৃষি কার্ড বা ফ্যামিলি কার্ড দিলেই হবে না। যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব নয়, তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করতে হবে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, যে সরকার নিজ দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারা কীভাবে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।
সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, অতীত সরকার বিজিবিকে কার্যকরভাবে কাজে লাগাতে পারেনি। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বক্তব্যে সারজিস আলম সিরাজগঞ্জের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সমালোচনা করে বলেন, দেশে লোডশেডিং না থাকার দাবি করা হলেও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। নিজের জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে সারা দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ড ও সহিংসতার অভিযোগে অভিযুক্তদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি দাবি করেন, এনসিপি ও যুবশক্তি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে না।
এনসিপি নেতা রিফাত বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সাঈফ মোস্তাফিজ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরানুল হাসান, উল্লাপাড়া উপজেলা নেতা আব্দুল্লাহ আল মামুন লিয়ন এবং ইঞ্জিনিয়ার মোশারফ আদনান।
আরও পড়ুন:








