সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে। সে সময় মঞ্চে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
ইয়াসির আরাফাতের দাবি, সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন এবং হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন।
উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে সাভারে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:








