শনিবার

৪ জুলাই, ২০২৬ ২০ আষাঢ়, ১৪৩৩

রাজধানীতে জামায়াতের মিছিলে বিএনপির হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ২০:১৮

শেয়ার

রাজধানীতে জামায়াতের মিছিলে বিএনপির হামলার অভিযোগ
ছবি সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর একটি মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএনপির কর্মীরা গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি চালিয়ে আসছে এবং সম্প্রতি একটি মার্কেট তালাবদ্ধ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হলে সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ পাশে দাঁড়ায়। তিনি জানান, শনিবার স্থানীয় জামায়াত সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে ফুলবাড়িয়ায় একটি বিক্ষোভ মিছিলের ডাক দিলে সেখানে ব্যবসায়ীরা জড়ো হন এবং সেসময় অতর্কিত হামলা চালানো হয় বলে তার অভিযোগ।

তবে ঘটনার ভিন্ন বিবরণ দিয়েছে পুলিশ। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ফুলবাড়িয়া এলাকার একটি সমবায় মার্কেটে ২০২৪ সালের ৫ আগস্টের পর জামায়াতের সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়, যার প্রতিবাদে সম্প্রতি বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তিনি বলেন, বিএনপির লোকজন মার্কেট দখল করেছে এমন খবর ছড়িয়ে পড়লে জামায়াতের কর্মীরা মার্কেট এলাকায় গিয়ে অবস্থান নেয় এবং একই সময়ে বিএনপির একটি আওয়ামী লীগবিরোধী মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় উপস্থিত জামায়াত নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। ওসি রফিকুল ইসলাম আরও জানান, আগে থেকেই এলাকায় পুলিশের উপস্থিতি থাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।



banner close
banner close