বৃহস্পতিবার

২ জুলাই, ২০২৬ ১৮ আষাঢ়, ১৪৩৩

জুলাই শহীদদের নিয়ে সরকারের কর্মসূচি নেই, দুঃখ প্রকাশ আব্দুস সবুরের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১৪:২৮

শেয়ার

জুলাই শহীদদের নিয়ে সরকারের কর্মসূচি নেই, দুঃখ প্রকাশ আব্দুস সবুরের
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা।

মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের নেতৃত্বে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে গিয়ে শহীদদের কবর জিয়ারত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্যদের মধ্যে অধ্যাপক নুর নবী মানিক, ড. মোবারক হোসাইন, আবদুর রহমান, কামরুল আহসান হাসান ও সৈয়দ সিরাজুল হক এবং মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। এছাড়া মহানগরীর বিভিন্ন সাংগঠনিক থানা ও বিভাগের দায়িত্বশীল নেতা এবং জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পরে প্রেস ব্রিফিংয়ে মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, যাদের রক্তের ওপর দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তাদের স্মরণে সরকারের কোনো কর্মসূচি নেই। এটি শুধু দুঃখজনক নয়, বরং পরিতাপের ও উদ্বেগের বিষয়।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাত্র দ্বিতীয় বার্ষিকীতে এসে রাষ্ট্র এখনো জুলাই আন্দোলনের স্বীকৃতি দিচ্ছে না, জুলাইকে স্মরণ করছে না—এটি কোনো ছোট বিষয় নয়। সরকার যদি জুলাই চেতনাকে স্বীকার করত, তাহলে জুলাই-আগস্টের ৩৬ দিনের স্মরণে রাষ্ট্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করত।

তিনি আরও বলেন, জুলাই নিয়ে সরকারের কোনো কর্মসূচি না থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে—সরকার ৩৬ দিনের সব তথ্য মুছে দিয়ে পতিত পরাশক্তি আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস তৈরি করে দেওয়ার পথে হাঁটছে।

আব্দুস সবুর ফকির আরও বলেন, যারা জীবন দিয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান করা হচ্ছে না। হবেই বা কেন, যেহেতু সরকারের পক্ষ থেকে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে একটি প্রতারণার মাধ্যমে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা রাষ্ট্র সংস্কার চায় না, গণহত্যার বিচারও চায় না। তবে জুলাইকে উপেক্ষা করে পার পাওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বিএনপি সরকার যেভাবে বাধ্য হয়েছিল, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও বিএনপি সরকারকে বাধ্য করা হবে।



banner close
banner close