জাতীয় সংসদে পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে অপরিকল্পিত, অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য আখ্যা দিয়ে এর বিপক্ষে ভোট দিয়েছে বিরোধী দল। মঙ্গলবার (৩০ জুন) বাজেট পাসের পর সংসদ ভবন চত্বরে আয়োজিত এক ব্রিফিংয়ে এই অবস্থানের কথা জানানো হয়। বিরোধী দলের মুখপাত্র ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান সংবাদকর্মীদের সামনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে এ তথ্য নিশ্চিত করেন।
নাজিবুর রহমান দাবি করেন, বিরোধী দলের চাপের মুখে সরকার বাজেটের বেশ কিছু জনস্বার্থবিরোধী প্রস্তাব সংশোধন বা প্রত্যাহার করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মুদিদোকানের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহার, আবাসন খাতে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল এবং করমুক্ত আয়সীমা চার লাখ টাকায় উন্নীত করা। এ ছাড়া ব্যাংক রেজোল্যুশন আইনের একটি বিতর্কিত বিধানও শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জনগণের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখলেও বাজেটের মৌলিক সমস্যাগুলো বিদ্যমান থাকায় তারা বিপক্ষে ভোট দিয়েছেন বলে জানান তিনি।
বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান ভঙ্গুর ব্যাংকিং খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা বাস্তবসম্মত নয়। সরকার একদিকে ৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, অন্যদিকে ব্যাপক ঋণ গ্রহণ ও টাকা ছাপানোর নীতি অনুসরণ করছে। এই নীতির ফলে দেশের বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে সংবাদ ব্রিফিংয়ে।
সংসদে বিভিন্ন বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিরোধী দল জানায়, কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিলের নথিপত্র তিন দিন আগে সদস্যদের সরবরাহ করার কথা থাকলেও বর্তমানে তা উত্থাপনের দিনই দেওয়া হচ্ছে। নতুন জুয়া প্রতিরোধ আইনকে স্বাগত জানানো হলেও আদালতের অনুমতি ছাড়া কম্পিউটার ও সার্ভার জব্দের ক্ষেত্রে পুলিশের ক্ষমতার বিষয়ে তারা আপত্তি জানিয়েছে। পাশাপাশি, জুলাই সনদ বাস্তবায়নে প্রস্তাবিত বাজেটে কার্যকর কোনো বরাদ্দ রাখা হয়নি বলেও অভিযোগ করেছে বিরোধী দল।
আরও পড়ুন:








