জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত কার্যক্রম শুরু হয়। পরে একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এর পর ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়।
বিস্তারিত শুনানি শেষে গত বছরের ২ নভেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করা হলো।
মামলাটি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল।
আরও পড়ুন:








