মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

ইনুর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ০৭:৪৯

শেয়ার

ইনুর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ
ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করবেন।

মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর গত ১৪ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলা, বলপ্রয়োগে উসকানি, দমন-পীড়নে সম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে ইনুর বিরুদ্ধে।

প্রসিকিউশনের দাবি, ১৪ দলীয় জোটের শরিক দল জাসদের সভাপতি হিসেবে ইনু আন্দোলন দমনে ভূমিকা পালন করেন। অভিযোগে বলা হয়, তিনি বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগে উসকানি দেন এবং তৎকালীন সরকারের দমনমূলক পদক্ষেপে সহায়তা করেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন নিহত হন। এসব ঘটনায় ইনুর নির্দেশনা, প্ররোচনা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের অভিযোগও উল্লেখ করা হয়েছে।

তবে বিচার চলাকালে ইনু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তার পক্ষে দুইজন সাফাই সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষে তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষ্য দিয়েছেন। তদন্ত সংস্থা গত বছরের ২৫ মে তদন্ত শুরু করে এবং ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়। একই বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করে ইনুর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

বহুল আলোচিত এ মামলার রায়ের দিকে রাজনৈতিক ও আইন অঙ্গনের নজর রয়েছে।



banner close
banner close