সোমবার

২৯ জুন, ২০২৬ ১৫ আষাঢ়, ১৪৩৩

৫ আগস্ট ঢাকায় জামায়াতের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ২২:৪১

আপডেট: ২৯ জুন, ২০২৬ ২৩:১২

শেয়ার

৫ আগস্ট ঢাকায় জামায়াতের গণমিছিল
ছবি সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাইজুড়ে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে অবস্থান নিয়েছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান গ্রহণ করেছেন। তাঁর মতে, জুলাই কেবল একটি মাস নয়; এটি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনা তুলে ধরা এবং এই মূল্যবোধ যথাযথভাবে সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ১০ জুলাই গ্রাফিতি অঙ্কন, ১১ থেকে ১৬ জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় এবং ১৭ থেকে ৩০ জুলাই বিভিন্ন ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ সমাবেশ এবং ৩১ জুলাই মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১ থেকে ৪ আগস্ট ওলামা, শ্রমিক ও নারী সমাবেশের পর ৫ আগস্ট ঐতিহাসিক গণমিছিলের মধ্য দিয়ে মাসব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।



banner close
banner close