রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাত ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করার পর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা শাখা) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ থানায় সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নুর মোহাম্মদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের কাছে আরও কিছু তথ্য রয়েছে। সেসব তথ্যের সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বকশীগঞ্জ থানার মামলার পাশাপাশি অন্যান্য সুনির্দিষ্ট অভিযোগের বিষয়েও তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:








