শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

বাংলাদেশ কি শুধু মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, প্রশ্ন গয়েশ্বরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ২০:২১

শেয়ার

বাংলাদেশ কি শুধু মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, প্রশ্ন গয়েশ্বরের
ছবি সংগৃহীত

বাংলাদেশ শুধু মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, নাকি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য-জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে তিনি ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরির সুযোগ নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে এ বিষয়ে সরকারের ব্যাখ্যা দাবি করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি ইসলামি ব্যাংকের পরিচালকের কাছে চাকরির জন্য সুপারিশ করার পর তাকে জানানো হয়েছিল, প্রার্থী হিন্দু হওয়ায় সেখানে নিয়োগ দেওয়া সম্ভব নয়। বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, ব্যাংকের নামের আগে ইসলাম থাকলেই যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষ সেখানে চাকরি করতে না পারে, তাহলে তা বৈষম্য কি না।

তিনি বলেন, ব্যাংক কোনো মসজিদ বা মাদরাসা নয়, এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। তাই ধর্মের ভিত্তিতে কর্মসংস্থানে বৈষম্য থাকলে তার ব্যাখ্যা থাকা উচিত। এমন নীতি সত্যিই থেকে থাকলে ইসলামী ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স বা ইসলামী নামধারী অন্য প্রতিষ্ঠানে অমুসলিমদের অবস্থান কী হবে, তা জানতে চান তিনি।

বিএনপির আদর্শ তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলটি কোনো নির্দিষ্ট ধর্মের রাজনীতি করে না, বরং সব ধর্মের মানুষের মূল্যবোধকে সমানভাবে ধারণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে ইসলামি বাংলাদেশ হিসেবে নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি বাংলাদেশি জাতিসত্তার ভিত্তিতে এগিয়ে নেওয়ার কথা বলেছিলেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাষ্ট্রকে সঠিক পথ দেখানোই বিরোধী দলের দায়িত্ব। সব ধর্মের মূল শিক্ষা মানবতা, সততা ও ন্যায়বিচার এবং রাষ্ট্র পরিচালনায়ও সেই মূল্যবোধের প্রতিফলন থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।



banner close
banner close