জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা মো. মুক্তার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. আজিজুল হক মমতাজ বেগমকে আদালতে হাজির করে এই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আদালতে দাখিলকৃত আবেদনে উল্লেখ করেন যে, এই মামলার ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে আসামিকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলন চলাকালীন মামলার বাদী ও ভিকটিম মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিং কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস সংলগ্ন রাস্তায় আন্দোলনে যোগ দেন। ওই সময় আন্দোলন দমাতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। পুলিশের ছোড়া রাবার বুলেট মুক্তার হোসেনের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এই ঘটনায় মুক্তার হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। উক্ত মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হলো।
আরও পড়ুন:








