মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

জয় বাংলা’ স্লোগান, নাটোরে ছাত্রলীগ কর্মী আটক

জাহিদ হাসান নাটোর প্রতিনিধি:

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১৭:৪৫

শেয়ার

জয় বাংলা’ স্লোগান, নাটোরে ছাত্রলীগ কর্মী আটক
ছবি সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) নাটোর শহরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মোহাম্মদ আরাফাত হোসেন, তিনি শহরের কান্দিভিটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে শহরের একটি স্থানে কয়েকজন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরাফাত হোসেনকে আটক করেন। তবে এ ঘটনায় অন্য কেউ আটক হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোরের কৃতী সন্তান রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বরাত দিয়ে বক্তব্য দেন ফরহাদ হোসেন দেওয়ান শাহীন। তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় বিশ্বাস করি। নাটোরে যেন কোনো ধরনের অস্থিরতা বা সহিংস পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন কর্মসূচি ও স্লোগানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নাটোরের এ ঘটনাও স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



banner close
banner close