মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

আট সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১৪:০১

আপডেট: ২৩ জুন, ২০২৬ ১৪:৫০

শেয়ার

আট সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত
ছবি: সংগৃহীত

আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দিয়ে অংশ নেবে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। এজন্য আটটি সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। এসব প্রার্থীকে মাঠে কাজ করতে অভ্যন্তরীণভাবে নির্দেশনা দেয়া হয়েছে। বাকিগুলোতেও শিগগির প্রার্থী ঠিক করা হবে। তবে নির্বাচনের তফসিলের পর আনুষ্ঠানিকভাবে সব প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলা দীর্ঘ বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এতে দলের নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

সূত্রমতে, বৈঠকে সাংগঠনিক, রাজনৈতিক ও সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এতে ২০২৫ সালের জামায়াতের সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয়। এ বছর সারা দেশে দলটির জনশক্তি বৃদ্ধিতে বেশ অগ্রগতি আছে বলে জানা গেছে।

সূত্রমতে, নির্বাহী পরিষদের এ বৈঠকে দেশের আটটি সিটি করপোরেশনে নির্বাচনের জন্য মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়। তারা হলেন-ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহানগর উত্তরের আমির ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন। ঢাকা দক্ষিণের প্রার্থী ডাকসুর ভিপি সাদিক কায়েম। চট্টগ্রাম সিটির প্রার্থী নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে হেরে যান তিনি।

বরিশালে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালকে চূড়ান্ত করা হয়েছে। সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে দলের প্রার্থী ছিলেন তিনি। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে পর তিনি সরে দাঁড়ান।

খুলনা সিটিতে প্রার্থী মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি খুলনা-৩ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে হেরে যান। রংপুর সিটিতে প্রার্থী মহানগর আমির এটিএম আজম খান। গত সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে দলের মনোনয়ন পেলেও পরে ১১ দলীয় ঐক্যের সিদ্ধান্তে তাকে সরে যেতে হয়।

এছাড়া নারায়ণগঞ্জে মহানগর শাখার আমির আবদুল জব্বারকে মেয়র প্রার্থী করা হয়েছে। গত সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী ছিলেন। আর গাজীপুরে প্রার্থী করা হয়েছে তুরস্ক ফেরত সাবেক শিবির নেতা হাফিজুর রহমানকে। এর আগে তিনি গাজীপুর-৬ আসনে নির্বাচন করেছিলেন।

নির্বাহী পরিষদের বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের জানান, কেন্দ্রীয় মজলিসে শূরার ষান্মাসিক বৈঠকের আগে অনেক বিষয় নির্বাহী পরিষদে আলোচনা হয়। এর মধ্যে সাংগঠনিক রিপোর্ট, স্থানীয় নির্বাচন ও জাতীয় বিভিন্ন ইস্যু রয়েছে। এসব বিষয়ে জামায়াত আমির দৃষ্টিভঙ্গি দিয়েছেন।

এদিকে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশইন ইস্যু, রাজনৈতিক হত্যাকাণ্ড, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, ১১ দলীয় ঐক্যের কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও আগামী ২৬ জুন অনুষ্ঠেয় সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নিদের্শনা দেয়া হয়।



banner close
banner close