২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত ছয়টি হত্যাকাণ্ড, উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন।
এর আগে প্রসিকিউশন ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। গত বছরের ২৫ সেপ্টেম্বর হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এবং ১ ডিসেম্বর থেকে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয় যে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উসকানি ও প্ররোচনা দিয়েছিলেন।
মামলার বিবরণে আরও জানানো হয়, কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া ছাড়াও ইনু তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে গুলি চালানোর নির্দেশ প্রদান করেছিলেন। এছাড়া কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপারকে ব্যক্তিগতভাবে ফোন করে সরাসরি অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। মূলত এই মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও প্ররোচনার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:








