সোমবার

২২ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

সামনে আসবি না, মাইরা ফালামু: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৮:২৭

আপডেট: ২১ জুন, ২০২৬ ১৮:৩১

শেয়ার

সামনে আসবি না, মাইরা ফালামু: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি
ছবি সংগৃহীত

গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রবিবার (২১ জুন) সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুবলীগের বিক্ষোভ মিছিল থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে বাসন ও গাছা থানা এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মহানগর যুবলীগের ব্যানারে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি বাসন থানার কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে শুরু হয়ে মহাসড়ক ধরে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলটি গাছা থানা এলাকায় পৌঁছালে মহাসড়কে দায়িত্বরত একজন উপপরিদর্শকসহ দুইজন পুলিশ সদস্য তাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় মিছিলকারীরা অত্যন্ত মারমুখী আচরণ শুরু করেন এবং পুলিশ সদস্যদের সামনে আসতে নিষেধ করে তাদের মেরে ফেলার হুমকি দেন। এ সময় আন্দোলনকারীরা রাজপথ না ছাড়া এবং যুবলীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উত্তপ্ত পরিস্থিতির মুখে পুলিশ সদস্যরা আর সামনের দিকে অগ্রসর হননি। পুলিশকে সরাসরি হুমকির এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলটি বাসন থানা থেকে শুরু হয়ে গাছা সীমানায় প্রবেশের সময় সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, পুলিশকে হুমকি দেওয়ার ঘটনাটি গাছা থানা সীমানায় ঘটেছে। মিছিলে কারা অংশগ্রহণ করেছিলেন এবং কারা হুমকি দিয়েছেন সে বিষয়ে বর্তমানে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান চালানো হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।



banner close
banner close