সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সাবেক সংসদ সদস্যের নির্বাচনী সভায় হামলা ও হত্যাচেষ্টা মামলার পরোয়ানাভুক্ত আসামি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। ওই সময় সশস্ত্র হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর এবং হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সহায়তায় তৎকালীন সংসদ সদস্য প্রাণে রক্ষা পেলেও ওই হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মো. আব্দুল আজিজসহ ৯৯ জন নামীয় এবং আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গ্রেফতারকৃত বাবুল শেখ এই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারের বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে বাবুল শেখকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গ্রেফতারকৃত আসামি বাবুল শেখ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং রাজনৈতিকভাবে তার জনপ্রিয়তা মোকাবিলা করতে না পেরে একটি পক্ষ হীন ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে এই মামলায় আসামি করেছে।
আরও পড়ুন:








