রাজধানীর মহাখালীতে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন এবং মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তিনজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে মহাখালীর আইসিডিডিআরবির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন জড়ো হন। পরে তারা বাস টার্মিনালের দিকে মিছিল শুরু করেন। টার্মিনাল এলাকায় পৌঁছালে মহিলা লীগের কয়েকজন তাদের সঙ্গে যোগ দেন। মিছিল থেকে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের কয়েকজন মিছিল করেছে এবং তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পরে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ইমরান জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কর্মসূচির তথ্য পুলিশের কাছে ছিল না। ঘটনার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।
আরও পড়ুন:








