রবিবার

১৪ জুন, ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ২২:০৪

শেয়ার

পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল
ছবি সংগৃহীত

ভারতীয় পুশ ইনের বিরুদ্ধে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রজন্মের আয়োজনে এই সমাবেশ হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, দেশের সম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব হবে এবং অবিলম্বে সীমান্তে পুশ ইন বন্ধ করতে হবে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পুশ ইনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। সীমান্তে বিজিবির পাঁচজন সদস্যের পাশে পাঁচ হাজার সাধারণ মানুষ দাঁড়িয়ে পুশ ইন প্রতিহত করার চেষ্টা করছেন। তিনি ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে পুশ ইন বন্ধের প্রচেষ্টা জোরদার করতে তার প্রতি আহ্বান জানান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে তিনি বলেন, পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল। বাংলাদেশ সম্মানের সঙ্গে আতিথেয়তা করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তিনি ভারতে আশ্রয়রত শেখ হাসিনাসহ পলাতক আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে বিচারের মুখোমুখি করতে ভারতের সহযোগিতা দাবি করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক কে এম আই মন্টি।



banner close
banner close