রবিবার

১৪ জুন, ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১২:৪৮

শেয়ার

আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
ছবি সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা রোববার দুপুরে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় তিনি এই আত্মসমর্পণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও নিশ্চিত করেন, মুফতি আমির হামজা দুপুরে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করবেন।

মামলার পটভূমি সূত্রে জানা যায়, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত সমন জারি করে ২১ এপ্রিলের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।



banner close
banner close