বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

লালদীঘি ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১০:০৩

শেয়ার

লালদীঘি ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশ আজ
ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এছাড়া বক্তব্য দেবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

আয়োজকরা জানান, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষ এ সমাবেশে অংশ নেবেন। সমাবেশস্থলে বড় আকারের মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার সমাবেশস্থল পরিদর্শন করেন ১১ দলের নেতারা।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন জানান, সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। সমাবেশের সভাপতি মুহাম্মদ শাহজাহান বলেন, এ সমাবেশ কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবি তুলে ধরার একটি গণমঞ্চ।



banner close
banner close