২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের বাস্তব চাহিদার প্রতিফলন নয় বলে মন্তব্য করেছেন মাওলানা মামুনুল হক। তিনি দাবি করেছেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহৎ হলেও এটি অর্থনৈতিকভাবে দেশকে আরও পরনির্ভরশীল করে তুলতে পারে।
শুক্রবার প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এসব মন্তব্য করেন।
বিবৃতিতে মামুনুল হক বলেন, এ বাজেট মূলত একটি ঘাটতিনির্ভর ও উচ্চাভিলাষী পরিকল্পনা, যা জনগণের বাস্তব প্রয়োজন ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের আন্দোলনে নিহত ও আহতদের পরিবারসহ বিভিন্ন জাতীয় আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের আত্মত্যাগকে প্রস্তাবিত বাজেটে উপেক্ষা করা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে এসব পরিবারের পুনর্বাসন, আর্থিক সহায়তা এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিশেষ রাষ্ট্রীয় তহবিল গঠনের দাবি জানিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে বাজেট চূড়ান্ত অনুমোদনের আগে কয়েকটি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন খেলাফত মজলিসের আমির। তিনি কৃষি, শিক্ষা, বিশেষ করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাস্তবসম্মতভাবে বাড়ানোর আহ্বান জানান।
এছাড়া অর্থপাচারকারী, ঋণখেলাপি ও ব্যাংক জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পাশাপাশি শাপলা চত্বরের নিহতদের পরিবারসহ বিভিন্ন আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসনের জন্য পৃথক বিশেষ বরাদ্দ সংযোজনের আহ্বানও জানান মাওলানা মামুনুল হক।
আরও পড়ুন:








