শনিবার

৬ জুন, ২০২৬ ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

২০২৪ সালের আজকের দিনে যে রায়ের পর পতন হয় শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ২১:৫৯

আপডেট: ৫ জুন, ২০২৬ ২২:০১

শেয়ার

২০২৪ সালের আজকের দিনে যে রায়ের পর পতন হয় শেখ হাসিনার
ছবি সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বহালের পক্ষে ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তার মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনের পতন ঘটে। হাইকোর্টের এই রায়ের দুই মাসের মাথায় ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়।

হাইকোর্ট যেদিন এই রায় ঘোষণা করেন, সেদিন সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা খবরটি বড় আকারে প্রচার করেননি। তবে এই রায়ের প্রতিক্রিয়ায় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ক্রমান্বয়ে শক্তিশালী হতে থাকে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানান, এই আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতের দিকে যাবে তা তাদের সরকারের কেউ আগে থেকে ধারণা করতে পারেননি।

আন্দোলনের প্রাথমিক পর্যায়ে আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের দাবিকে বিশেষ গুরুত্ব দেয়নি। সেই সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বেনজীর আহমেদ ও মতিউর রহমানের দুর্নীতির মতো আলোচিত বিষয়গুলো কোটা আন্দোলনের ডামাডোলে চাপা পড়ে যাওয়ায় সরকারও শুরুতে আন্দোলনে কোনো বাধা প্রদান করেনি। কিন্তু এক মাসের মধ্যে আন্দোলন বড় আকার ধারণ করলে সরকার বল প্রয়োগের সিদ্ধান্ত নেয়।

২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালালে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠে। এর প্রতিবাদে পরদিন ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মাঠে নামলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। সহিংসতায় নিহতের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আন্দোলন সরকার পতনের একদফায় রূপ নেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। আজ এই রায় ঘোষণার দুই বছর পূর্ণ হয়েছে।



banner close
banner close