সিরাজগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন মণ্ডল, বাগবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধলডোব গ্রামের ময়নুল হক, একই ওয়ার্ডের সহসভাপতি ও হরিনা গোপাল গ্রামের শুকুর মাহমুদ এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ও দত্তবাড়ি মহল্লার মো. রাব্বি।
ওসি রাকিবুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোয়াজ্জেম হোসেন মণ্ডল ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগ এবং দুই ছাত্রকে পুড়িয়ে হত্যার মামলার আসামি। অবশিষ্ট তিনজন ৫ আগস্টের পর দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলার আসামি।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে সারা দেশে একাধিক মামলা দায়ের হয়েছে এবং ধারাবাহিকভাবে গ্রেপ্তার অভিযান পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন:








