পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তাঁর নির্বাচনী এলাকার তিন প্রতিবন্ধী হিন্দু ভাইয়ের ভরণপোষণ ও পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করেছেন। নিজের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ তিনি এই পরিবারকে প্রদান করেছেন।
উপকারভোগী তিন ভাই হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের রিপন দাস, সাধু দাস ও নিধু দাস।
বৃহস্পতিবার সকালে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় ড. মাসুদ জানান, সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে প্রতিবন্ধী তিন ভাইয়ের মানবেতর জীবনযাপনের বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হয়। এরপর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে এই পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। আর্থিক সহায়তার পাশাপাশি তাদের জরাজীর্ণ বসতবাড়ি পুনর্নির্মাণ এবং নিয়মিত খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান।
ড. মাসুদ বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের নাগরিকদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত হয়নি। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সমাজের সকল মানুষকে রাষ্ট্রের সমান নাগরিক হিসেবে বিবেচনা করে এবং সেই ভিত্তিতেই দলটির সামাজিক কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ সাংবাদিকদের সামাজিক ভূমিকার প্রশংসা করে বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। তাঁদের লেখনি ও ভিডিও চিত্রই এই পরিবারের দুর্দশা সামনে এনেছে এবং সহায়তার পথ তৈরি করেছে।
আরও পড়ুন:








