বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

জামিনে মুক্তি পেলেন আইভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ০৭:২৭

শেয়ার

জামিনে মুক্তি পেলেন আইভী
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটের দিকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কারামুক্তির সময় কারা ফটকে তাঁর স্বজনরা উপস্থিত ছিলেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার আইভীর জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে রাত ১০টার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।

এর আগে হত্যা মামলায় আইভীর জামিন বহাল রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগ।

গত ১৭ মে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হক-এর ওই আদেশের ফলে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবগুলোতেই জামিন বহাল থাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় গত ২ মার্চ ও ১২ এপ্রিল আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ৩০ এপ্রিল হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিতের আবেদন করলেও চেম্বার আদালত তা খারিজ করে দেন।

উল্লেখ্য, গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় নিজ বাসভবন থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরে গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট ওই পাঁচ মামলায় জামিন মঞ্জুর করলেও চেম্বার আদালত তা স্থগিত করেন। সর্বশেষ গত ১০ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিলে ওই পাঁচ মামলায় তাঁর জামিন চূড়ান্তভাবে বহাল হয়।