চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী বলেছেন, ইভটিজিং, নারী হেনস্তা ও সামাজিক অপরাধের সঙ্গে জড়িত কেউই কোনো ধরনের ছাড় পাবে না। সে যে দলেরই হোক না কেন।
সোমবার (১ জুন) শিবগঞ্জ থানায় দেওয়া এক লিখিত আবেদন ও প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, সমাজে নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব, আর এ দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা চলবে না।
তিনি স্পষ্টভাবে বলেন, “ইভটিজিং ও নারী হেনস্থার ঘটনায় আমার দলের কেউ জড়িত থাকলেও তাকেও আইনের আওতায় আনতে হবে। কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।”
এমপি ড. কেরামত আলী আরও বলেন, শিবগঞ্জসহ বিভিন্ন এলাকায় ইভটিজিং ও নারী হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সামাজিক অবক্ষয়ের ইঙ্গিত বহন করে। এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগ এবং নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।
তিনি প্রশাসনকে নির্দেশনামূলকভাবে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও জনবহুল এলাকায় নজরদারি বাড়াতে হবে এবং বখাটে ও অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ সময় তিনি মাদক ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনের বিষয়েও কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের শিবগঞ্জ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে এবং কোনো ধরনের রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া যাবে না।
এছাড়া তিনি দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন:








