জ্বালানি তেলের মূল্য আবারও বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ সিদ্ধান্ত জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন।
সোমবার (১ জুন) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, গত মাসে এক দফায় জ্বালানি তেলের মূল্য ৮ থেকে ১২ শতাংশ, কোথাও কোথাও তারও বেশি বৃদ্ধি করা হয়েছিল। এর পর আবারও মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে দলটি গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বিবৃতিতে তিনি বলেন, জ্বালানি তেলের আগের মূল্যবৃদ্ধির প্রভাবেই চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে মানুষের আয় না বাড়লেও বেকারত্ব ও অর্থনৈতিক সংকট আরও প্রকট হচ্ছে। জনগণ যখন জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে, তখন নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো তাদের দুর্ভোগ আরও বাড়াবে।
জামায়াতের দাবি, সরকার এর আগে অন্তত চলতি মাসে জ্বালানি তেলের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিল। সেই অবস্থান থেকে সরে এসে পুনরায় মূল্যবৃদ্ধি করায় জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে তড়িঘড়ি করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনস্বার্থবিরোধী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি ব্যয় বৃদ্ধি দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের পক্ষে জামায়াতে ইসলামী সব সময় সোচ্চার থাকবে এবং জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে।
বিবৃতির শেষাংশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
আরও পড়ুন:








