সোমবার

১ জুন, ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১২:২৯

শেয়ার

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত শনিবার (৩০ মে) বিকেলে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে একটি মিছিল বের করেন। পরে রোববার সন্ধ্যায় মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চৌহালী উপজেলার চর সলিমাবাদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৯) এবং রেহাইপুখুরিয়া গ্রামের মাসুদ জামানের ছেলে মুত্তাকিন হোসেন (২১)। তারা উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উপজেলার দক্ষিণাঞ্চলে মুখে মাস্ক পরা কয়েকজন ছাত্রলীগ কর্মী মিছিল করছেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, “বাঘুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর তথ্য-উপাত্ত যাচাই করে সাব্বির ও মুত্তাকিনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



banner close
banner close