বগুড়ায় এক নারী প্রশিক্ষণার্থীর হাতে জুতাপেটার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতা আলী আজম সাব্বির এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে।
অভিযোগের পর গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে।
বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগের পর ঘটনাটি ঘটে। পরে আলী আজম সাব্বির নিজের দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগটি সংগঠনের নজরে আসার সঙ্গে সঙ্গেই আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে তিন দিনের সময় দেওয়া হয়েছে।
আরও পড়ুন:








