বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের মানুষ রাস্তায় নামলে তাদের পালানোর পথ থাকবে না।
নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে এবং হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনা অব্যাহত রয়েছে।
শিবির সভাপতির দাবি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত সারা দেশে ১১৮ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন, যাদের একাংশকে হত্যাও করা হয়েছে। তিনি মনে করেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এবং নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








