দেশের চলমান অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় সরকারকে বিরোধী দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংস্কারমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সালামবাগ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশ বর্তমানে অর্থনৈতিক চাপ, আইনশৃঙ্খলার অবনতি এবং নিরাপত্তাজনিত সংকটসহ বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমশ কমে আসছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, এসব সমস্যার কার্যকর সমাধানে কেবল প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; রাজনৈতিক সমঝোতা ও সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন অপরিহার্য। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া গৃহীত যেকোনো উদ্যোগ কার্যকর হওয়া কঠিন এবং তাতে জনআস্থা অর্জনও সম্ভব হবে না বলে তিনি মত দেন।
আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল করাকে বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এতে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এনসিপি আহ্বায়ক সংবাদিকদের সঙ্গে আলোচনার শুরুতে ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন:








